
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কৃষি, মেরিটাইম খাত, টেক্সটাইল শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (অ্যাগ্রো-প্রসেসিং) খাতে সহযোগিতার সম্ভাবনা। নেদারল্যান্ডসের প্রতিনিধিদল বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করে।
প্রতিনিধিদল বিশেষভাবে অ্যাগ্রো-প্রসেসিং, খাদ্য সংরক্ষণ, কৃষি মূল্য সংযোজন এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করে তারা।
বৈঠকে প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও সাফল্যের বিষয়টিও উল্লেখ করা হয়। এছাড়া পানি ব্যবস্থাপনা, নদী শাসন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
নেদারল্যান্ডসের প্রতিনিধিরা বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে ড. মাহদী আমিন দেশের বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তথ্যপ্রযুক্তি (আইটি), টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী শিল্প বিকাশ এবং ই-কমার্স খাত সম্প্রসারণে সরকারের পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরা হয়। পাশাপাশি তরুণদের জন্য মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করা হয়।
বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, যৌথ ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি, শিক্ষা বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, কর্মসংস্থান বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে।