প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
রুয়েটে গাঁজা সেবনে ৪ (চার) শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) হলের কক্ষে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের দাবি, অভিযানের সময় তাদের হাতেনাতে আটক করা হয়ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালায় হল প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তর। এ সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনার পর সোমবার রাতেই চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়। পাশাপাশি মঙ্গলবারের মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আবাসিকতা বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত ছাত্রকল্যাণ দপ্তরের এখতিয়ার অনুযায়ী নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা