
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ৭ জুন অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন তিনি।
এর আগে প্রায় দুই মাস অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তামিম। নতুন বোর্ড দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৪ জন পরিচালকের উপস্থিতিতে প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।
বিসিবির নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ১০ জন, ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত ২ জন পরিচালক রয়েছেন। তবে নির্বাচনের পরদিন রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে থাকছেন তামিম ইকবাল। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হয়েছেন ইসরাফিল খসরু এবং গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
এইজ গ্রুপ কমিটির দায়িত্বে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু ও শফিকুল আলম। মার্কেটিং কমিটিতে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান ও আসিফ রব্বানী। ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব পালন করবেন আবদুল কাইয়ুম চৌধুরী ও মির্জা ফয়সল আমীন।
হাই পারফরম্যান্স (এইচপি) ও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে শাহনিয়ান তানিমকে। মেডিক্যাল কমিটির দায়িত্বে রয়েছেন ডা. মাহবুব শামীম এবং আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন মির্জা ইয়াসির আব্বাস।
ওয়েলফেয়ার্স কমিটির দায়িত্বে থাকছেন শেখ রুহুল আমিন। টেন্ডার অ্যান্ড পারসেজ কমিটির দায়িত্ব পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ। একই সঙ্গে সিকিউরিটি কমিটির দায়িত্বও পালন করবেন তিনি।
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ রব্বানীকে। লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির দায়িত্বে রয়েছেন ইয়াসির ফয়সাল ও ইসরাফিল খসরু। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এছাড়া অডিট কমিটির দায়িত্ব পেয়েছেন সাইদ বিন জামান সৌরভ। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর চেয়ারম্যান হয়েছেন মঈন উদ্দিন চৌধুরী। উইমেন্স উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির দায়িত্ব পালন করবেন এস এম আবদুল্লাহ আল ফুয়াদ।
নতুন সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এসব কমিটির মাধ্যমে দেশের ক্রিকেটের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।