
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নিপু মিয়া (৩২)। তিনি কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিপু মিয়া কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি বিভিন্ন নেশার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। রবিবার গভীর রাতে তিনি গামার বিল এলাকায় দুটি সেচ পাম্পের সার্ভিস বিদ্যুতের তার চুরি করার উদ্দেশ্যে সেখানে যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় মজিবর রহমান ও মিস্টার নামে দুই সেচ পাম্প মালিকের ব্যবহৃত বিদ্যুতের সার্ভিস লাইন ছিল। তার চুরি করার সময় নিপু মিয়া বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার সকালে স্থানীয় পথচারীরা মাঠের মধ্যে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা একটি মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ লাইনের তার চুরি করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা শুধু প্রাণহানির কারণই নয়, বরং জননিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।