
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ জুন থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিনে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। পরদিন ১৬ জুন ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার মনোনীত কোনো শিক্ষক অফিস চলাকালীন সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।
এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে থাকেন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দ্রুত তা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষার্থী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তথ্যগুলো সতর্কতার সঙ্গে যাচাই করার আহ্বান জানিয়েছে বোর্ড। যদি কোনো ভুল, তথ্যগত অসঙ্গতি বা ঘাটতি পাওয়া যায়, তাহলে ১৮ জুন থেকে ২৫ জুনের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে।
সংশোধনের জন্য নির্ধারিত ছক অনুযায়ী উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) বরাবর আবেদন জমা দিতে হবে। শিক্ষা বোর্ড সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে পরীক্ষার সময় কোনো ধরনের জটিলতা দেখা দিলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে প্রবেশপত্র বিতরণ ও যাচাই প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।