
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শনিবার (৬ জুন) ভোর থেকে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ি ওভারব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
কখনো স্থবির, আবার কখনো ধীরগতিতে চলছে যানবাহন। এতে উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলা থেকে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ একযোগে রাজধানীতে ফিরতে শুরু করায় মহাসড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এর সঙ্গে যুক্ত হয় যমুনা সেতুর ওপর ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। শুক্রবার ভোরে ঢাকাগামী লেনে দুটি ফিটনেসবিহীন বাস বিকল হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে দীর্ঘ যানজটের সূত্রপাত ঘটে।
পরবর্তীতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শনিবারও যানজট অব্যাহত থাকে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস শ্রমিকরা, যারা সময়মতো কর্মস্থলে ফিরতে পারছেন না।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপ, রাতের বৃষ্টিপাত এবং সেতুর ওপর যানবাহন বিকল হয়ে পড়ার কারণে এই জটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ অত্যধিক। ট্রাফিক নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
বর্তমানে মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত যানবাহন আটকে আছে। ফলে সময় ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও বেড়ে গেছে।