
পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল। প্রায় ৪.৫ বিলিয়ন বছর পুরোনো এই গ্রহ আজ জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের সংকটের মতো গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতায় প্রতি বছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস, যার মূল উদ্দেশ্য পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করা।
১৯৭৩ সালে “Only One Earth” প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছর নতুন প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। ২০২৬ সালের প্রতিপাদ্য হলো “Inspired by Nature. For Climate. For Our Future.” অর্থাৎ প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে জলবায়ু ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় কাজ করার আহ্বান।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে স্পষ্টভাবে দৃশ্যমান। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অস্বাভাবিক তাপপ্রবাহ, দাবানল, বন্যা, খরা এবং হিমবাহ গলে যাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে মাটির স্বাস্থ্য রক্ষা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে দেশের অনেক আবাদি জমি উর্বরতা হারাচ্ছে। জৈব সার ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি সম্ভব।
এছাড়া প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার, নগর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং সবুজায়ন কর্মসূচি সম্প্রসারণও পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ উপায়। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির মতো উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
পরিবেশ রক্ষা শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারলেই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে।