
আগামী ১৪ জুন দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সফরকালে চকরিয়া ও পেকুয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৪ জুন সকালে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। সফরের অংশ হিসেবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
পরে প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। একই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
জনসভা শেষে তিনি কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। পরে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এই সফরকে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।