
রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিং এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে এক দোকান কর্মচারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে এভিনিউ-২ এলাকায় ‘আয়েশা টেলিকম’-এর সামনে এ ঘটনা ঘটে।
আহত মো. হৃদয় (২৩) জানান, সকালে দোকান খোলার উদ্দেশ্যে তিনি এলাকায় আসেন। দোকানের সামনে ব্যাগ রেখে পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে দুই ব্যক্তি এসে তার পাশে বসে কথাবার্তা শুরু করে। একপর্যায়ে তারা চাপাতি দেখিয়ে তার ব্যাগে থাকা ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তিনি বাধা দিলে এক দুর্বৃত্ত তার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি স্যামসাং ফোন, একটি রিয়েলমি ও একটি টেকনো ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে দ্রুত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঢাকা উদ্যান এলাকার শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে শনাক্ত করা হয়েছে। তবে অটোরিকশা চালকের মুখে মাস্ক থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছুদিন আগে জেল থেকে বের হয়ে আকাশ পুনরায় ছিনতাইয়ে জড়িয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানা-সংলগ্ন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, ঘটনার পরপরই পুলিশ একাধিক টিম নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।