
ঈদের ছুটিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ রোডে একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। ছুটি শেষে বুধবার (৩ জুন) রাত ১০টায় গ্রামের বাড়ি থেকে ফিরে এসে বাসিন্দারা এ ঘটনার বিষয়ে জানতে পারেন।
ভুক্তভোগীদের দাবি, চোর বারান্দার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর ভেতরের রুমের তালা ভেঙে প্লাস্টিকের আলমারি থেকে প্রায় সাত লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
ফ্ল্যাটের বাসিন্দা আপন জানান, তিনি নিজের অস্ত্রোপচারের জন্য দীর্ঘদিন ধরে সঞ্চয় করে রাখা টাকা বাসায় রেখেছিলেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার পর ফিরে এসে দেখেন সব টাকা ও মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।
ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা বাড়ছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের ঘটনায় বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে।