
মেহেরপুরের গাংনী উপজেলায় টিনের ছাউনি দেওয়ার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। একই ঘটনায় মনোয়ারা খাতুন নামে আরও একজন আহত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাবপাড়া এলাকার একটি মার্কেটের দোকানে টিনের ছাউনি দেওয়ার কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে টিনের সঙ্গে উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এনামুল হক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে নিচে পড়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধারের সময় মনোয়ারা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
গাংনী থানার ওসি আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।