প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 1, 2026 ইং
পটিয়ায় কোরবানির মাংস না রাখার প্রতিবাদ করায় প্রতিবেশীকে ছুরিকাঘাতে জখম, আহত ৩

চট্টগ্রামের পটিয়ায় কোরবানির মাংস না রাখার প্রতিবাদ করায় প্রতিবেশীকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১২টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বজল সুকানির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত সাইফুর রহমানকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বজল সুকানির বাড়ির মাহবুবুর রহমান ও মো. জাহাঙ্গীর দুজনই প্রতিবেশী। শনিবার রাতে মাহবুবুর রহমানের পরিবার থেকে কোরবানির মাংস পাঠানো হয় জাহাঙ্গীরের ঘরে। এ সময় তারা মাংস না নিয়ে ফেরত দিয়ে দেন। রোববার সকালে জাহাঙ্গীরের পরিবারের কাছে মাহবুবুর রহমানের ছেলেরা মাংস না নেওয়ার কারণ জানতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে হাবিলাসদ্বীপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।
মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, মাংস না নেওয়ার কারণ জানতে চাওয়ায় প্রতিবেশী জাহাঙ্গীরের ভাই মো. আরিফের স্ত্রী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে হাবিলাসদ্বীপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন এসে উভয় পক্ষকে শান্ত থাকতে বললে আমরা শান্ত হয়ে যাই। কিছু সময় পর প্রতিবেশী জাহাঙ্গীরের ভাড়াটিয়া মামুন, মুকিল, সিরাজ ও নজরুলসহ কয়েকজন বহিরাগত সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তার ছেলে সাইফুর রহমান (৩৫) ও সাইদুর রহমানকে (৩০) ছুরিকাঘাত করে এবং মেয়ের স্বামী মাহবুবুল আলমকে (৪৫) বেধড়ক মারধর করে।
একপর্যায়ে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত তিনজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সাইফুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা জাহান তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে পটিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা