
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে সন্দেহভাজন বিষাক্ত মদপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, পুনে শহর ও পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে। গ্রেপ্তারদের মধ্যে চোরাই মদের একটি বড় চক্রের সঙ্গে জড়িত একজন শীর্ষ কারবারিও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিম্পরি-চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকায় ১০ জন এবং পুনের হাডাপসার এলাকায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও পাঁচজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে বলেন, ভেজাল মদ সরবরাহের সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুনে পুলিশের কমিশনার জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ভিসেরা নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।
হাসপাতালের চিকিৎসকদের মতে, আক্রান্তদের শরীরে শ্বাসকষ্ট, অ্যাসিডোসিস, মাথা ঘোরা, অচেতন হয়ে পড়া এবং মুখ দিয়ে ফেনা বের হওয়ার মতো উপসর্গ দেখা গেছে। প্রাথমিকভাবে বিষাক্ত মদপানের কারণেই এসব মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তদন্তকারীরা পুরো চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।