
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক বার্তায় এই তথ্য জানান।
তিনি জানান, ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে মরদেহটি স্থানীয় একটি ফিউনারেল হোমে রাখা হয়েছিল, যেখান থেকে এটি শেষকৃত্যের প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয়।
জানা গেছে, ২ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের আরেকটি ফ্লাইটে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে মরদেহটি বাংলাদেশে পাঠানো হবে। দেশে ফেরানোর সকল প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে লিমনের জানাজার বিষয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
একই ঘটনায় আরও এক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিহত হলেও তার মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি যুক্তরাষ্ট্রের পুলিশ। এতে পরিবারসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বৃষ্টির মরদেহ উদ্ধারের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। তবে এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দুই শিক্ষার্থীর ঘটনায় প্রবাসী কমিউনিটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছে।