
আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো’র ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে প্রকাশিত একাধিক প্রতিবেদন ও মন্তব্যকে ঘিরে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
অভিযোগ অনুযায়ী, গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন যুবনেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে প্রথম আলো ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে তাকে নিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হয়েছে বলে রাজনৈতিক মহলের একটি অংশ দাবি করে।
এ ছাড়া কিছু রিপোর্টে কার্টুন ও কলাম প্রকাশের মাধ্যমে তাকে হামলার মাস্টারমাইন্ড হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ফলে বিষয়টি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
অন্যদিকে, একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ওই ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তৎকালীন বিএনপি সরকার এ ঘটনার তদন্তে যথাযথ সহযোগিতা করেনি এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। তিনি দাবি করেন, ঘটনার পর তথ্য ও ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল এবং ভিন্নমুখী প্রচার চালানো হয়েছিল।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ আপিল করতে পারে বলেও মন্তব্য করেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভয়াবহ ও আলোচিত ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও অবস্থান দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা শুধু বিচারিক প্রক্রিয়া নয়, বরং রাজনৈতিক ব্যাখ্যা ও মিডিয়া রিপোর্টিংয়ের কারণে দীর্ঘস্থায়ী বিতর্কের জন্ম দেয়, যা এখনো পুরোপুরি শেষ হয়নি।
বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আবারও আলোচনায় আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে মতভেদ ও বিতর্ক সৃষ্টি হয়েছে।