
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সিলেট আগমনকে কেন্দ্র করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিলটি ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)-এর সভাপতিত্বে এবং সদস্য-সচিব আফসার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দীর্ঘদিনের সমস্যার সমাধানে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ভিপি মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। তিনি জানান, মহানগরের ৪২টি ওয়ার্ড ও ৬টি জোনের নেতাকর্মীরা আগামী ২ মে’র কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়া স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন।
পথসভা থেকে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আরেকটি প্রচার মিছিলে সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।