প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
অবসরের পর ভিভিআইপি মর্যাদা কমিয়ে ৬ মাস করল সরকার

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের পর ভিভিআইপি (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা পাওয়ার সময়সীমা নতুন করে নির্ধারণ করেছে সরকার। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, এই মর্যাদা এখন থেকে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বহাল থাকবে।
গত ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর আওতায় পূর্বের প্রজ্ঞাপন অক্ষুণ্ণ রেখে নতুন এই সময়সীমা কার্যকর করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগকারী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টারা ৬ মাস পর্যন্ত ভিভিআইপি সুবিধা পাবেন।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সুবিধার মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছিল। তবে বর্তমান সরকার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সময়সীমা কমিয়ে এনেছে।
তবে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। অর্থাৎ, তার জন্য ভিভিআইপি মর্যাদার এক বছরের মেয়াদ অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তার ক্ষেত্রে সময়সীমা কমানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন এই প্রজ্ঞাপন ভবিষ্যতে দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অতীতে ২০০১ সালে এই মেয়াদ এক বছর থাকলেও পরবর্তীতে ২০০২ ও ২০০৬ সালে তা কমিয়ে ৩ মাস করা হয়েছিল। সেই প্রেক্ষাপট বিবেচনায় এনে এবার ৬ মাসের একটি মধ্যম সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্তের ফলে সাবেক রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের নিরাপত্তা ও আনুষঙ্গিক সুবিধা প্রদানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা