
পবিত্র হজ পালনের সময় আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার Wasim Akram। মক্কায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা ‘রমি আল-জামারাত’-এ অংশ নেওয়ার সময় তার পরিচিত বোলিং অ্যাকশন উপস্থিত ভক্তদের নজর কাড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এহরামের সাদা পোশাকে থাকা আকরাম পাথর নিক্ষেপের আগে ক্রিকেট মাঠের পুরোনো ছন্দেই যেন ফিরে যান। ছোট রান-আপ, নন-বোলিং আর্ম ওপরে তোলা এবং কবজির পরিচিত ভঙ্গিতে পাথর ছোড়ার মুহূর্তটি অনেকের কাছেই তার বিখ্যাত সুইং বোলিংয়ের স্মৃতি ফিরিয়ে আনে।
ভিডিওতে আরও দেখা যায়, পাথর নিক্ষেপের পর নিজের পরিচিত উদযাপন ভঙ্গিতেও দেখা যায় তাকে। বিষয়টি ঘিরে উপস্থিতদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। পাশে থাকা এক বন্ধু মজা করে মন্তব্য করেন, হজেও নাকি আকরামের ভেতরের বোলারকে থামানো যায়নি।
আধ্যাত্মিক পরিবেশের মধ্যেও ঘটনাটি অনেকের কাছে আনন্দের মুহূর্ত হয়ে ওঠে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার ও স্বাভাবিকভাবে নিয়েছেন, আবার কেউ ধর্মীয় পরিবেশে এমন আচরণের সমালোচনাও করেছেন।
ক্রিকেট বিশ্বে ‘সুইং কিং’ নামে পরিচিত ওয়াসিম আকরাম দীর্ঘদিন ধরেই ভক্তদের কাছে জনপ্রিয় এক নাম। মাঠের বাইরে তার উপস্থিতি ও ব্যক্তিত্ব প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।