
সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন। সেখানে তিনি সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। জামাতে তিনি নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।
ঈদের নামাজ শেষে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তিনি মরহুমদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায়ও দোয়া করেন বলে জানা যায়।
ঈদের দিনে সেনানিবাসে এই শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে সেনা সদস্যদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।