
দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর ৩৭টি সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান এবং প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, জাওতার আল-শারকিয়াহ, ওদাইসেহ, নাকৌরা, দেবেল এবং রব আল-থালাথিনসহ একাধিক এলাকায় এসব অভিযান চালানো হয়। এর মধ্যে কাছাকাছি অবস্থান থেকে সংঘর্ষ, মেরকাভা ট্যাংক লক্ষ্য করে হামলা এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্মে আঘাত হানার ঘটনাও রয়েছে। এছাড়া গ্যালিলি অঞ্চলে ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলার কথাও জানানো হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই হামলায় আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, টায়ার ও মারজাইউন জেলার বিভিন্ন আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজসহ একাধিক শহর ও গ্রাম এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ লেবানন ও সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মানবিক ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।