
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে এক অটোচালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) দুপুর ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোচালকের নাম মফিজ উদ্দিন (৩৮)। তিনি কুশমাইল চান্দের বাজার মহল্লার ছফর আলীর ছেলে এবং স্থানীয় চান্দের বাজার অটো ও সিএনজিচালক সমিতির সভাপতি। অভিযুক্ত আরিফ হোসেন পার্শ্ববর্তী পাঁচ কুশমাইল মহল্লার সোরহাব আলীর ছেলে। তারা দুজনই প্রতিবেশী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চান্দের বাজার এলাকায় অটোগাড়িতে যাত্রী উঠানো নিয়ে দুই চালকের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে মফিজ উদ্দিন যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্ত আরিফ হোসেন গাড়ি থামিয়ে তাকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করেন।
প্রত্যক্ষদর্শী মো. হেলাল উদ্দিন জানান, হামলার পর মফিজ উদ্দিনের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। পরে স্থানীয় লোকজন গামছা দিয়ে পেট বেঁধে দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত চালকের অবস্থা আশঙ্কাজনক।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসাইন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার পেটে গভীর ক্ষত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, যাত্রী উঠানো নিয়ে বিরোধের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।