
উন্নয়নের নামে যেন আবাদি জমি নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে দ্রুত কৃষিজমি কমে আসছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। উন্নয়ন কাজ করতে গিয়ে যেন কৃষিজমি অপ্রয়োজনে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য একাধিক স্থান পরিদর্শন করা হচ্ছে। এর মধ্যে জামালপুর ইক্ষু খামারের প্রায় ১০০ একর জায়গা প্রাথমিকভাবে উপযোগী বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
তিনি জানান, স্থান নির্ধারণের ক্ষেত্রে সরকার বিভিন্ন দিক বিবেচনা করছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে সরকারি জমি ব্যবহার সহজ হবে এবং প্রকল্প বাস্তবায়নও দ্রুত হতে পারে। তবে স্থানীয় কৃষিজমি রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এ সময় তিনি উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষিজমি সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।