
বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই পুলিশ সদস্য হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে অভিযান চালায়। এ সময় তিনমাথা রেলগেট এলাকায় অবস্থানকালে ওই দুইজনকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী অভিযানে এমন ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।