
রাজশাহীর দামকুড়া থানাধীন জোতরাবোন এলাকায় মাত্র ৪৫০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আশিকুর রহমান (২৮)। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু ফয়সাল আলী জয় (২৬) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আশিকুর রহমান জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে এবং ফয়সাল আলী জয় একই গ্রামের মোন্তাজ আলীর ছেলে। ফয়সাল পেশায় একজন অটোরিকশাচালক। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে আশিকুর তার বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন। সেই টাকা ফেরত নেওয়াকে কেন্দ্র করে সোমবার সকালে ফয়সাল আশিকুরের বাড়িতে যান। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সাল ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে আশিকুর অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় জোতরাবোন এলাকায় আবারও ফয়সালের সঙ্গে তার দেখা হয়। সেখানে দুজনের মধ্যে পুনরায় তর্ক শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ফয়সাল তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আশিকুরের বাম পাঁজরে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিকুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামকুড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাত্র সামান্য টাকার বিরোধে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে।