
চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তিসহ বিভিন্ন খাতে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চার দিনের সফরের সময় এই চুক্তিগুলো সম্পন্ন হয়।
সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতেও একাধিক সহযোগিতা সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেবে চীন। তিনি পাকিস্তানকে চীনের ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানকে “আয়রন ব্রাদার” বা অটুট বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে বিশ্বাস ও সহযোগিতার ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে।
বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়া ইরান সংকট নিরসনে পাকিস্তানের শান্তি উদ্যোগের প্রশংসা করেছে চীন। বিশ্লেষকদের মতে, এই নতুন বিনিয়োগ চুক্তি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) ও আঞ্চলিক সহযোগিতাকে আরও গতিশীল করবে।