
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো রাবেয়া এগ্রো ফার্ম। বিশ্বজুড়ে আলোচিত এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে রাজকীয় বিদায় জানানো হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় নগরীর পাইকপাড়ায় অবস্থিত খামার থেকে মহিষটির ক্রেতা সেটি নিতে এলে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। দুপুর থেকেই খামারের কর্মীরা মহিষটিকে গোসল করিয়ে সাজানোর প্রস্তুতি নেন। পরে রঙিন কালার স্মোক ও রাজকীয় পোশাকে সজ্জিত করে লাল গালিচার ওপর দিয়ে হাঁটিয়ে বিদায় দেওয়া হয়।
এ সময় খামারের মালিক, কর্মচারী এবং উৎসুক জনতা আবেগঘন পরিবেশে মহিষটিকে বিদায় জানান। খামার সূত্রে জানা যায়, এলভিনো জাতের এই মহিষটির চুল ও চোখের গঠন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
শুরু থেকেই ব্যতিক্রমী গঠনের কারণে মহিষটি মানুষের নজর কাড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পায়। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির ৫৫০ টাকা কেজি দরে আগেই কিনে নেন।
ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহিষটি এক নজর দেখতে খামারে ভিড় করতেন।
রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ। তাই আবেগ থাকলেও পশুটিকে বিদায় দিতে হয়েছে। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’ তাদের স্মৃতিতে আজীবন থাকবে বলে তিনি জানান।
ক্রেতা সামির বলেন, মহিষটি আগেই কেনা হলেও ভাইরাল হওয়ার পর এর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এখন এটি তার এলাকায় নিয়ে যাওয়ার পর সবাই এক নজর দেখতে আগ্রহী।
এই ব্যতিক্রমী ঘটনা ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।