
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাস থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ আনোয়ার (৫৬)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত মুহাম্মদ নুরের ছেলে। সোমবার (২৫ মে) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরী’ তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।
তল্লাশির সময় মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবির সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে তার কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। পাশাপাশি নারকোটিক্স ডগের সহায়তায় মাইক্রোবাসের পেছনের সিটের কভারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আনোয়ার স্বীকার করেন, তিনি হ্নীলা এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি অধিনায়ক জানান, মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত হিসেবে মো. হোসাইন (৫০) নামে আরও একজনের নাম পাওয়া গেছে। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা এবং আটক আনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।