
বৃষ্টির কারণে গাড়ি বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের যমুনা সেতু টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যান চলাচল করছে।
গতকাল সোমবার (২৫ মে) দিবাগত রাত থেকে এই যানজটের পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টিপাত ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক গতি হারায়। ফলে ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন।
থেমে থেমে যান চলাচলের কারণে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় ধরে রাস্তায় আটকে আছেন।
গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী এক যাত্রী জানান, তিনি ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেন। দেড় ঘণ্টার পথ অতিক্রম করতে তার প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। পরে মহাসড়কের পৌলি এলাকায় এসে আবারও যানজটে আটকে পড়েন।
এক নারী যাত্রী বলেন, তিনি পাবনা যাওয়ার পথে ঘারিন্দার পর থেকেই থেমে থেমে যানজটে পড়েন। কিছুক্ষণ পর পর গাড়ি চললেও আবার থেমে যাচ্ছে, এতে প্রচণ্ড কষ্ট হচ্ছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতে বৃষ্টির কারণে এবং অতিরিক্ত যানবাহনের চাপের ফলে সাময়িক যানজট তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।