
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামী ৩০ মে দিনব্যাপী এসব অনুষ্ঠান প্রচার করা হবে।
বিশেষ আয়োজনের মাধ্যমে জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন, মহান মুক্তিযুদ্ধে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান তুলে ধরা হবে। অনুষ্ঠানে থাকবে প্রামাণ্যচিত্র, আলোচনা, স্মৃতিচারণা, কবিতা পাঠ, শিশুতোষ পরিবেশনা ও দেশাত্মবোধক গান।
সকাল ৯টায় প্রচারিত হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান। মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নির্মিত এই আয়োজনে শিশুদের অংশগ্রহণে ছবি আঁকা, গল্প বলা, নাটিকা ও আলোচনা পরিবেশিত হবে। শিশুদের দৃষ্টিতে একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানকে তুলে ধরার চেষ্টা থাকবে অনুষ্ঠানে।
দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। মামুন মাহমুদের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা এবং মৃত্যুকে ঘিরে বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। পাশাপাশি বিশিষ্টজনদের সাক্ষাৎকার ও স্মৃতিচারণাও থাকবে।
বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচারিত হবে কবিতা পাঠের অনুষ্ঠান। জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় এবং ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় আয়োজিত এ পর্বে কবিতার মাধ্যমে স্মরণ করা হবে শহীদ প্রেসিডেন্টকে।
রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের বাঁকে বাঁকে মৃত্যুঞ্জয়ী জিয়া’। মোস্তাফিজুর রহমান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত এই আয়োজনে তথ্যচিত্র, আলোচনা ও স্মৃতিচারণার মাধ্যমে তুলে ধরা হবে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও সময়ের প্রেক্ষাপট।
এ ছাড়া রাত ১১টায় সম্প্রচার হবে ‘জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানে গবেষণা ও উপস্থাপনা করেছেন রেজাবুদ্দৌলা চৌধুরী। আলোচনা, সাক্ষাৎকার ও সংগীত পরিবেশনার মাধ্যমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
দিনব্যাপী সম্প্রচারে আরও থাকছে দেশাত্মবোধক গানের বিশেষ আয়োজন। সকাল ৭টা ১৫ মিনিট, সকাল ১০টা, দুপুর ১টা, সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে এসব সংগীতানুষ্ঠান।
পুরো আয়োজনে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়কে গান, আলোচনা ও স্মৃতিচারণার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে।