
অবশেষে প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ফলে সিনেমাটি আবারও দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পথ খুলে গেছে।
অনুমোদন ছাড়া কিছু দৃশ্য ও গান প্রদর্শনের অভিযোগে গত ৬ মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা এবং নির্ধারিত শর্ত পূরণের পর বোর্ড নতুন সিদ্ধান্ত নেয়।
সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন গণমাধ্যমকে জানান, ভবিষ্যতে সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য বা গান প্রদর্শন করা হবে না—এ মর্মে প্রযোজনা প্রতিষ্ঠান মুচলেকা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়া আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং জ্যোতির্ময়ী কুণ্ডু।
গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির ৪৬ দিন পর এর প্রদর্শনী স্থগিত করা হয়। পরে ১৮ দিন পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সংশোধিত সংস্করণের নতুন সার্টিফিকেশন সনদ তারা ইতোমধ্যে হাতে পেয়েছে এবং খুব শিগগিরই সিনেমাটি পুনরায় প্রদর্শিত হবে।