
সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মোট ১৪৮৫টি শূন্য পদে ৫২টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। এসব পদে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। প্রধান সহকারী, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সহকারী শিক্ষকসহ বিভিন্ন পদে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, হিসাব সহকারীসহ একাধিক পদে এইচএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
এছাড়া কিছু নিম্নপদে এসএসসি ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের জন্যও সুযোগ রাখা হয়েছে। যেমন দারোয়ান, নিরাপত্তাপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি ও অফিস সহায়কসহ বিভিন্ন পদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের বয়স ১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩৮ থেকে ৫২ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অফেরতযোগ্য।
অনলাইনে আবেদন শুরু হবে ২ জুন সকাল ১০টা থেকে এবং চলবে ২৩ জুন বিকাল ৫টা পর্যন্ত। আবেদন করার সময় প্রার্থীদের নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।