
মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৪) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এটি জেলায় প্রথম কোনো ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া রায় হিসেবে বিবেচিত হচ্ছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে একই এলাকার শাকিল হোসেন কৌশলে একটি পাটক্ষেতে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর শিশুটির বাবা গাংনী থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেন। মামলার সাক্ষ্য-প্রমাণ, শুনানি এবং উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোস্তাফিজুর রহমান তুহিন জানান, দ্রুত সময়ে রায় ঘোষণার বিষয়টি জেলায় একটি নজির সৃষ্টি করেছে এবং তারা রায়ে সন্তুষ্ট।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন জানিয়েছেন, তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
এই রায়কে কেন্দ্র করে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা ও বিচারপ্রক্রিয়ার দ্রুততার বিষয়টিও স্থানীয়ভাবে গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।