
শেরপুরে এক ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম এনামুল হোসেন। তিনি শহরের সজবরখিলা মহল্লার মোবারক মিয়ার ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় জনতা ভুক্তভোগী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্তের শাস্তির দাবি জানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় রাখে।
অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নারী তার স্বামীকে নিয়ে গত প্রায় পাঁচ মাস ধরে এনামুল হোসেনের বাসায় ভাড়া থাকতেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে একাধিকবার কুপ্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি স্বামীকে জানালে স্থানীয়দের উপস্থিতিতে তাকে সতর্ক করা হয়।
পরবর্তীতে শনিবার দুপুরে স্বামী বাইরে গেলে বাসায় একা অবস্থায় থাকা গৃহবধূর ঘরে প্রবেশ করে এনামুল হোসেন জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনী দেয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনামুল হোসেনকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।