
গাজা অভিমুখী সাহায্যকারী বহরে (ফ্লোটিলা) থাকা ফরাসি কর্মীদের সঙ্গে ‘অগ্রহণযোগ্য আচরণ’ এবং হুমকির অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। এ সিদ্ধান্তের ফলে তাকে ফ্রান্সে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আলজাজিরার বরাতে জানা গেছে, ফরাসি নাগরিকদের বিরুদ্ধে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং সহিংস আচরণের অভিযোগকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এক বিবৃতিতে জানান, তারা গাজামুখী ফ্লোটিলার পন্থার সঙ্গে একমত নন, কারণ এটি কোনো কার্যকর সমাধান না দিয়ে কূটনৈতিক ও কনস্যুলার জটিলতা তৈরি করে।
তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, কোনো ফরাসি নাগরিকের ওপর হুমকি বা সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না—বিশেষ করে যদি তা কোনো দেশের সরকারি কর্মকর্তার পক্ষ থেকে আসে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেন-গভিরের দীর্ঘদিনের উগ্র বক্তব্য ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর ধারাবাহিকতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।
সম্প্রতি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বিদেশি মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের আটক করার পর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এই ঘটনার পরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ফ্রান্সের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ঘিরে ইসরায়েল-ইউরোপ সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।