
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন একাধিক পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক-এর নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান।
দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার বিষয়েও আলোচনা চলছে।
ইসহাক সরকার অতীতে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হলেও পরে কিছু মামলায় খালাস পান।
সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার কারণে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন।
এদিকে নতুন সদস্যদের অন্তর্ভুক্তিকে এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন দলটির নেতারা। তারা মনে করছেন, বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষ যুক্ত হওয়ায় দলটি আরও সক্রিয় ও বিস্তৃত ভূমিকা রাখতে পারবে।