
রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি ঘটনাস্থলে অবস্থান করছিলেন। একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলার অভিযোগ ওঠে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মুসাদ্দিক। সেখানে তিনি লেখেন, “আমরা লড়াই করব, আমরাই জিতব, ইনশাআল্লাহ।” তিনি আরও লিখেন, “যদি কেউ ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে চায়, আমার লাশের ওপর দিয়ে যেতে হবে।”
তার পোস্টে দৃঢ় অবস্থান ও সংগ্রামের বার্তা উঠে আসে, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।
এর আগে শাহবাগ থানার সামনে প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থানে আসে। এ সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যাতে ডাকসুর কয়েকজন নেতা ও সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হন বলে জানা যায়।
ঘটনাটি ঘিরে ক্যাম্পাস রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।