
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে লক্ষ্য করে কড়া বার্তা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাম্প্রতিক সময়ের বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে এই উত্তেজনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ নয়; বরং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলায় তাদের শক্ত অবস্থান রয়েছে।
পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে। সেই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে আবির্ভূত হয়ে ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা ঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
রাকিব আরও অভিযোগ করেন, সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও অশালীন ভাষায় মন্তব্য করছেন এবং এতে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।
এদিকে রাকিবের ওই পোস্ট শেয়ার করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আম্মার। তিনি নিজের মন্তব্যে আল্লাহর ওপর ভরসার কথা উল্লেখ করে বলেন, তিনি কোনো ধরনের ভয় পান না এবং সবাইকে সঠিক পথে চলার আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস রাজনীতিতে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।