
দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও ফরিদপুরে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগুলোতে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কুষ্টিয়ার খোকসা উপজেলায়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালডাঙ্গী মসজিদের সামনে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হন আরও অনেকে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহন’ বাসটি একটি ভ্যানকে বাঁচাতে হঠাৎ ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন নিহত হন এবং আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করেছে পুলিশ।
যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় কাভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) এবং আনোর আলী (৭০) রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বস্তুল এলাকায় কোরবানির পশুবাহী নসিমন উল্টে চালক আয়নাল হক (৫৭) নিহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সড়কের বড় গর্তে পড়ে গরুবোঝাই নসিমনটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনে ট্রাকচাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক ব্র্যাককর্মী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন।
ঈদযাত্রাকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা বাড়ানোর কথা বলা হলেও দুর্ঘটনার সংখ্যা কমছে না।