
চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৫ জন এবং মদিনায় মারা গেছেন ৯ জন হাজী।
সর্বশেষ গত ২২ মে তিনজন বাংলাদেশির মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। তারা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১), কিশোরগঞ্জের তাড়াইলের সালেহা বেগম (৫০) এবং ঢাকার মোহাম্মদপুরের কাজী মো. গিয়াসউদ্দীন (৭২)।
হজ ম্যানেজমেন্ট পোর্টালের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রথম বাংলাদেশি হাজীর মৃত্যু হয় গত ২১ এপ্রিল। ওইদিন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন। পরদিন ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) মারা যান।
এরপর ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬) এবং ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) মৃত্যুবরণ করেন। ২৭ এপ্রিল শেরপুরের শ্রীবরদীর মো. আব্দুল্লাহ আল মামুন (৫৮) ও জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মারা যান। ২৮ এপ্রিল রংপুর কোতোয়ালি মেট্রোর মো. শামসুল আলম (৬৩) মৃত্যুবরণ করেন।
পরে ৩ মে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলের মাহফুজা বেগম (৫২) এবং ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) মারা যান। ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মোছা. নিলুফা বেগম (৫৭) মৃত্যুবরণ করেন।
এ ছাড়া ৮ মে দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) এবং যশোর কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৪) মারা যান। ১১ মে ঢাকার সাভারের নুসরাত শারমীন (৬২) এবং ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মৃত্যুবরণ করেন।
১৫ মে টাঙ্গাইলের গোপালপুরের মো. এ মজিদ (৭৫), ১৬ মে ঢাকার তেজগাঁওয়ের এন এম মনিরুল হক (৪৪), ১৭ মে ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬), ১৮ মে নরসিংদীর শিবপুরের মো. আজিজুর রহমান (৬৬) এবং ২০ মে কুষ্টিয়ার দৌলতপুরের মো. কামাল হোসাইন (৬১) ও সিরাজগঞ্জের বেলকুচির মো. জাকির হোসেন (৬২) মারা যান।
সবশেষ ২১ মে নোয়াখালীর বেগমগঞ্জের সুলতানা চৌধুরী (৭৯) মৃত্যুবরণ করেন বলে পোর্টালে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী, হজ পালন করতে গিয়ে কোনো হাজীর মৃত্যু হলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। মরদেহ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয় না। পরিবারের আপত্তি থাকলেও সেই নিয়ম কার্যকর থাকে।
উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল। হজ শেষে দেশে ফেরার ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে এবং শেষ ফ্লাইট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।