
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, চলতি বছরের হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, হজযাত্রীদের প্রথম ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা দেবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা, যাত্রীসেবা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়া হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি, যাতে হজযাত্রীরা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন।
সরকারের পক্ষ থেকে নেওয়া এসব প্রস্তুতির মাধ্যমে এ বছরের হজযাত্রা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।