
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি উন্নত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি জানায়, শনিবার ইস্ফাহান এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-1 Predator ড্রোন ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করে।
এর আগে একই দিনে দক্ষিণ-পূর্ব ইরানে যুক্তরাষ্ট্রের একটি F-15E Strike Eagle যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানানো হয়। পাশাপাশি হরমুজ প্রণালিতে একটি A-10 Thunderbolt II বিমানও মাটিতে নামিয়ে আনার কথা বলা হয়েছে।
ইরানি সূত্রের দাবি অনুযায়ী, এফ-১৫ই যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী, তবে অন্য সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে এ-১০ বিমানের পাইলট তার বিমানটি ইরানের আকাশসীমা থেকে বের করে আনতে সক্ষম হলেও পরে সেটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় পাইলটকে উপসাগরীয় একটি আরব দেশে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এসব দাবি মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। বিশেষ করে আকাশযান ভূপাতিতের মতো ঘটনা সংঘাতের মাত্রা বাড়িয়ে দেয় এবং উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি বৃদ্ধি করে।
তবে এসব ঘটনার স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো প্রকাশ পায়নি। ফলে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।