
জাতীয় সংসদের প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-কে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি কমিটি নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী এ কমিশন গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে গত ২ এপ্রিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনেও একই বিষয়ে উল্লেখ করা হয়, যেখানে আইন অনুযায়ী সংসদ সচিবালয়ের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই কমিশন সংসদের প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।