
ঝিনাইদহের মহেশপুর উপজেলা-এ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হলেও জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করে মহেশপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তার নাম উপেক্ষা করা দুঃখজনক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, “জাতীয় দিবসের কর্মসূচিতে সরকার নির্ধারিত বার্তা ও নির্দেশনার আলোকে বক্তব্য প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া বাণীতে যেসব বিষয় গুরুত্ব পেয়েছে, সেগুলোই তার বক্তব্যে তুলে ধরা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।