
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
রোববার (১৫ মার্চ) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মাম শহরে যাবে। সেখান থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
দূতাবাস জানিয়েছে, যারা এই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী তাদের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন করতে হবে। এজন্য দূতাবাসের ফেসবুক পাতায় একটি গুগল ফরমের লিংক দেওয়া হয়েছে। সেই ফরম পূরণ করে আগ্রহী প্রবাসীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফ্লাইটে আসন পাওয়া সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। নিবন্ধনের ভিত্তিতে ‘আগে আসলে আগে পাবেন’ নীতিতে যাত্রীদের আসন বরাদ্দ দেওয়া হবে।
বিশেষ ফ্লাইটের প্রতি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার নির্ধারণ করা হয়েছে।
এই ভাড়ার মধ্যে বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াতের খরচ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি সৌদি আরবে ট্রানজিটের জন্য প্রয়োজনীয় অনুমতির খরচও এতে ধরা হয়েছে বলে জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সম্ভাব্যভাবে আগামী ২০ মার্চ অথবা তার কাছাকাছি কোনো দিন এই ফ্লাইট পরিচালনা করা হতে পারে। তবে পরিস্থিতি ও প্রয়োজনীয় অনুমতির ওপর নির্ভর করে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
প্রবাসী বাংলাদেশিদের দ্রুত নিবন্ধন করার জন্য আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফেরার বিষয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করতেই এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রবাসীদের সহযোগিতা এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়ার জন্য এ ধরনের নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে।
এছাড়া পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজন হলে আরও ফ্লাইটের ব্যবস্থা করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।