
জাপানের Osaka শহরে একটি রহস্যজনক ঘটনার সৃষ্টি হয়েছে, যখন একটি বিশাল ভূগর্ভস্থ পাইপ হঠাৎ করেই রাস্তা ভেদ করে প্রায় ৪২ ফুট ওপরে উঠে আসে।
এই ঘটনাটি প্রথম সামনে আসে বুধবার ভোরে, যখন এক পথচারী মহাসড়কের পাশে অস্বাভাবিকভাবে উঠে থাকা বিশাল পাইপটি দেখতে পান।
পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করে।
স্থানীয়দের মতে, পাইপটি যেন রাতারাতি মাটি ভেদ করে উঠে এসেছে।
ঘটনার সময় কেউ সরাসরি পাইপটি মাটি ভেদ করে বেরিয়ে আসতে দেখেননি।
ফলে ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে।
প্রথমদিকে অনেকে মনে করেছিলেন এটি হয়তো কোনো নতুন অবকাঠামো নির্মাণ কাজের অংশ।
বিশেষ করে ওসাকা শহরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান থাকায় কেউ কেউ ধারণা করেছিলেন যে উড়াল সড়ক বা অন্য কোনো নির্মাণ কাজের জন্য এটি স্থাপন করা হয়েছে।
তবে পরে শহর কর্তৃপক্ষ বিষয়টি ব্যাখ্যা করে।
একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানান, এটি আসলে মাটি ধরে রাখার কাজে ব্যবহৃত একটি বিশাল ইস্পাতের আবরণ বা স্টিল কেসিং।
তিনি বলেন, আগের দিন এই কাঠামো সেখানে ছিল না।
তার মতে, কোনো ভূগর্ভস্থ চাপ বা কাঠামোগত পরিবর্তনের কারণে এটি উপরের দিকে উঠে আসতে পারে।
ওসাকার নির্মাণ বিভাগের তথ্য অনুযায়ী, পাইপটির ব্যাস ছিল প্রায় ১১ দশমিক ৫ ফুট।
একপর্যায়ে এটি প্রায় ৪২ ফুট পর্যন্ত ওপরে উঠে গিয়েছিল, যা প্রায় একটি উড়াল সড়কের উচ্চতার কাছাকাছি।
এই অস্বাভাবিক দৃশ্য দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েন।
তবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়।
কর্মীরা পাইপটির ভেতরে পানি ঢেলে চাপ সৃষ্টি করে সেটিকে আবার নিচের দিকে নামানোর চেষ্টা করেন।
এই প্রক্রিয়ার ফলে পাইপটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে।
শুক্রবার সকাল পর্যন্ত পাইপটির বেশিরভাগ অংশ আবার মাটির নিচে নেমে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শহর প্রশাসন জানিয়েছে, মাটির ওপরে দৃশ্যমান থাকা অবশিষ্ট প্রায় ৫ দশমিক ২ ফুট অংশ কেটে ফেলার পরিকল্পনা রয়েছে।
এই ঘটনার পর এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত বছর জাপানে একই ধরনের একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল।
টোকিওর কাছাকাছি এলাকায় একটি বিশাল সিঙ্কহোল তৈরি হয়ে একটি ট্রাক ও তার চালককে গিলে ফেলেছিল।
সে ঘটনার পর থেকেই ভূগর্ভস্থ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ওসাকার এই সাম্প্রতিক ঘটনাটিও সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, শহরের নিচে থাকা জটিল অবকাঠামো ও নির্মাণ কাঠামোর কারণে এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে।