
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গিয়ে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
ডা. জাহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, মির্জা আব্বাসের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা মত দিয়েছেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
তিনি জানান, আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।
সেখানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে বলে জানা গেছে।
মির্জা আব্বাসকে দেখতে শুক্রবার হাসপাতালে যান বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং অন্যান্য নেতারা।
তারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, দ্রুত চিকিৎসা পেলে মির্জা আব্বাস সুস্থ হয়ে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারবেন।