
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন।
নিজের পোস্টে ডা. মাহমুদা মিতু লিখেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও একজন মানুষের অসুস্থতার খবর শুনে খারাপ লাগা স্বাভাবিক।
তিনি লিখেছেন, “আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনেই খারাপ লাগছে। আল্লাহ উনাকে দ্রুত শেফা দান করুন। আমিন।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।
অনেকেই এটিকে রাজনৈতিক ভিন্নমতের মধ্যেও মানবিকতার প্রকাশ হিসেবে দেখছেন।
এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস।
এ সময় তিনি হঠাৎ জ্ঞান হারান বলে জানা গেছে।
তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, অসুস্থ হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
রাজনৈতিক অঙ্গনে মির্জা আব্বাস বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।
তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক মহলে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।