
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ। এ সময় মাদক কারবারিদের হামলায় আটজন যুবদল নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১২টার দিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে মাদক কারবারিদের ধাওয়া করে আটক করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নির্বাচন পরবর্তী সময় থেকে উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ওই অভিযানের অংশ হিসেবেই বুধবার গভীর রাতে ঠাকুরবাড়ীর টেক এলাকায় একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িটিকে ধাওয়া করেন।
একপর্যায়ে তারা গাড়িটি থামাতে সক্ষম হন এবং তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন।
উদ্ধার করা মাদকের মধ্যে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা এবং হেরোইন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে শীর্ষ মাদক কারবারি আবু হানিফ এবং তার এক সহযোগীকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম জানান, আটকের সময় মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।
এ সময় তারা স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে যুবদলের অন্তত আটজন নেতাকর্মী আহত হন।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা আটক দুইজনকে পুলিশের হাতে তুলে দেন।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের দাবি, রূপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে কিছু চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।