
অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। এই সফরে দলটির স্কোয়াডে থাকা ছয়জন ক্রিকেটারই রয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই তিনজনের অভিষেক হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন,
“আগামীকাল সম্ভবত তিনটি অভিষেক হতে যাচ্ছে।”
তিনি জানান, পাকিস্তানের তরুণ ক্রিকেটার সাহেবজাদা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন।
আফ্রিদি বলেন,
“সাহেবজাদা আমাদের টপ পারফর্মার। টি-টোয়েন্টি এবং ওয়ানডে—দুই ফরম্যাটেই সে ভালো করেছে। লিস্ট ‘এ’ ক্রিকেটেও সে পাকিস্তানের হয়ে ভালো খেলেছে।”
তিনি আরও জানান,
হাসিবুল্লাহ ওপেনিংয়ে নামবেন এবং শামিল হোসেন ওয়ানডাউনে ব্যাট করবেন।
পাকিস্তান অধিনায়ক স্পষ্ট করে জানান, দলের তারকা ব্যাটার বাবর আজমকে বাদ দেওয়া হয়নি, বরং তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
আফ্রিদি বলেন,
“এই সিরিজে কাউকে বাদ দেওয়া হয়নি। আমরা শুধু তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছি, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ।”
তার মতে, ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আফ্রিদি বলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তরুণ ক্রিকেটারদের নিজেদের দক্ষতা দেখানোর একটি বড় সুযোগ।
তিনি বলেন,
“আমরা চাই তারা সুযোগ পাক এবং বুঝতে পারুক ভবিষ্যতে দলের পরিকল্পনায় তাদের কী ভূমিকা থাকবে।”
দলের চূড়ান্ত একাদশ নিয়ে আফ্রিদি বলেন,
“এক ম্যাচে তো ১৫ জন খেলতে পারে না। আমি খুশি হতাম যদি ১৫ জনই খেলতে পারত।”
তিনি জানান, পিচের অবস্থা এবং দলের প্রয়োজন বিবেচনা করেই সেরা একাদশ নির্ধারণ করা হবে।
পাকিস্তান ক্রিকেট ঐতিহ্যগতভাবেই শক্তিশালী পেস আক্রমণের জন্য পরিচিত বলে উল্লেখ করেন আফ্রিদি।
তিনি বলেন,
“পাকিস্তান দল সবসময় পেস বোলিংয়ের জন্য পরিচিত। আমি অবশ্যই পেস বোলারদের নিয়েই এগোব এবং নিশ্চিত করব যেন তারা উইকেট নেয়।”
তবে স্পিনাররাও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও জানান পাকিস্তান অধিনায়ক।