
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব দিয়েছেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে গত ২২ ফেব্রুয়ারি একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, অধ্যাপক মাহমুদুল হাসান বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এতে বলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার পেশাগত অভিজ্ঞতা ও কূটনৈতিক নেটওয়ার্ক রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, তার মাধ্যমে এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার করা সম্ভব হয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করছেন বলেও সেখানে দাবি করা হয়েছে।
চিঠিতে বলা হয়, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের এই প্রস্তাবটি নতুন ও অভিনব উদ্যোগ।
এই পদায়নের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতিগুলো সরকারকে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখা সহজ হবে বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের পররাষ্ট্রনীতি আরও সমন্বিতভাবে পরিচালনার স্বার্থে এই পদায়নের বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।
জামায়াত আমিরের মতে, এর মাধ্যমে দেশের পররাষ্ট্রনীতিতে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে।